জেন-জি আন্দোলনের পর নেপালে প্রথম নির্বাচন: তরুণদের হাতেই কি ক্ষমতার চাবি?

কাঠমান্ডু, ২৬ ফেব্রুয়ারি – জেন-জি বা তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন তীব্র আন্দোলনের মুখে নেপালে সরকার পতনের কয়েক মাস পর দেশটিতে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তরুণদের প্রবল অংশগ্রহণে এবারের নির্বাচনে রাজনৈতিক সমীকরণ আমূল পাল্টে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
আগামী ৫ মার্চ হিমালয়কন্যা খ্যাত নেপালে এই ঐতিহাসিক ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত সেপ্টেম্বর মাসে তরুণদের নেতৃত্বে পরিচালিত দুর্নীতিবিরোধী প্রবল বিক্ষোভে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি সরকারের পতন ঘটেছিল। ওই আন্দোলনে ৭৭ জন প্রাণ হারান এবং দুই হাজারের বেশি মানুষ আহত হন।
দেশটির নির্বাচন কমিশনের তথ্য মতে, নেপালের ৩ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ১ কোটি ৯০ লাখ ভোটার আগামী ৫ মার্চ ভোটাধিকার প্রয়োগ করবেন। ২৭৫ সদস্যের সংসদ গঠনের লক্ষ্যে এই ভোট অনুষ্ঠিত হবে। গত বছরের বিক্ষোভের পর ভোটার তালিকায় প্রায় ১০ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন, যাদের সিংহভাগই তরুণ প্রজন্ম।
নির্বাচনে ১৬৫টি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে এবং বাকি আসনগুলো আনুপাতিক হারে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের ভিত্তিতে নির্ধারিত হবে। এবারের নির্বাচনে মোট ৬৫টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।
বিশ্লেষকদের মতে, দুর্নীতির পাশাপাশি বেকারত্ব নিরসন ও কর্মসংস্থান সৃষ্টি এবারের নির্বাচনের প্রধান ইস্যু।
দেশটির প্রায় এক-পঞ্চমাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন। এছাড়া ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নেপালের আন্তর্জাতিক বাণিজ্যের বড় অংশ ভারতের সঙ্গে এবং ১৪ শতাংশ চীনের সঙ্গে হয়ে থাকে।
প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে বিশেষ আলোচনায় আছেন মধ্যপন্থী রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির ৩৫ বছর বয়সী নেতা বালেন্দ্র শাহ। র্যাপার থেকে রাজনীতিতে আসা কাঠমান্ডুর এই সাবেক মেয়রের জনপ্রিয়তা এখন তুঙ্গে। ঝাপা-৫ আসনে তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন নেপালের চারবারের প্রধানমন্ত্রী ও প্রবীণ নেতা ৭৪ বছর বয়সী কে পি শর্মা অলি। তরুণ ভোটারদের মন জয় করা অলির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া নেপালি কংগ্রেসের ৪৯ বছর বয়সী নেতা গগন থাপা এবং তিনবারের প্রধানমন্ত্রী ৭১ বছর বয়সী পুষ্প কমল দহল বা প্রচণ্ডও নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।
এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









