জাতীয়

অভ্যুত্থান ছাত্রদের হলেও সুফল ভোগ করছে রাজনৈতিক দলগুলো: নাহিদ ইসলাম

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – চব্বিশের গণঅভ্যুত্থান ছাত্ররা করলেও তার সুফল বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল ভোগ করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, গণঅভ্যুত্থানে ছাত্রদের অবদান সবচেয়ে বেশি থাকলেও বারবার তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংস্কার পরিষদের শপথ গ্রহণ ইস্যু নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, নির্ধারিত দিনে শপথ গ্রহণ না করে সংশ্লিষ্টরা গণভোট ও জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি উল্লেখ করেন যে একই দিনে শপথ গ্রহণের যে জনাদেশ ছিল তা অমান্য করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না হয় তবে জাতীয় সংসদেরও কোনো মূল্য থাকে না। জনগণ কেবল ব্যক্তি পরিবর্তনের জন্য নয় বরং স্বৈরাচারী কাঠামোর পতন ও রাষ্ট্র সংস্কারের জন্যই ভোট দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার বিচার ব্যবস্থা, সংস্কার ও অর্থনৈতিক লুটপাটের প্রশ্নে জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের ঘটনায় বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া ঋণখেলাপিদের পুনর্বাসনের অভিযোগ তুলে সরকারের কড়া সমালোচনা করেন এই নেতা। সংসদে কথা বলার পরিবেশ না থাকলে আন্দোলন আবারও রাজপথে গড়াবে এবং সেজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

এসএএস/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language