বলিউড

উদয়পুরে বিজয়-রাশমিকার রাজকীয় বিয়ে, খরচের অঙ্ক নিয়ে চলছে জোর আলোচনা

রাজস্থান, ২৬ ফেব্রুয়ারি – দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার রাজস্থানের উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। দুই ভিন্ন রীতিতে আয়োজিত এই রাজকীয় বিয়ের খরচের অঙ্ক নিয়ে এখন বিনোদন জগতে চলছে জোর আলোচনা। প্রাথমিক তথ্য অনুযায়ী শুধুমাত্র ভেন্যু ও আনুষঙ্গিক আয়োজনেই এই তারকা দম্পতি কয়েক কোটি টাকা ব্যয় করেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বিজয় ও রাশমিকার বিয়ের আসর বসেছিল উদয়পুরের আরাবল্লি পর্বতঘেরা একটি বিলাসবহুল রিসর্টে। ১১৭টি কক্ষ সংবলিত এই রিসোর্টে প্রতিটি রুমের এক রাতের ভাড়া ২০ থেকে ৭০ হাজার রুপির কাছাকাছি। সূত্রের খবর অনুযায়ী শুধুমাত্র বিয়ের প্রাথমিক আয়োজন ও ভেন্যু বাবদ এখন পর্যন্ত প্রায় আড়াই কোটি রুপি খরচ হয়েছে। তবে বিয়ের অনুষ্ঠান পরবর্তী সংবর্ধনা এবং প্রাক-বিবাহ অনুষ্ঠানগুলো যোগ করলে এই ব্যয়ের পরিমাণ আরও কয়েক গুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বিজয় ও রাশমিকার বিয়ের খরচের তুলনা করা হচ্ছে বলিউডের বড় বাজেটের বিয়েগুলোর সঙ্গে। ২০১৭ সালে বিরাট কোহলি ও আনুশকা শর্মার ইতালির বিয়ের খরচ ছিল প্রায় ১০০ কোটি রুপি এবং প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের যোধপুরের বিয়েতে ব্যয় হয়েছিল প্রায় ৭৫ কোটি রুপি। অনুরাগীদের অনুমান রাশমিকা ও বিজয়ের বিয়ের মূল অনুষ্ঠান এবং পরবর্তী রিসেপশন মিলিয়ে মোট খরচের অঙ্ক ৫০ কোটি ছাড়িয়ে যেতে পারে।

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয়ের পর থেকেই বিজয় ও রাশমিকার প্রেম নিয়ে আলোচনা শুরু হয় এবং ভক্তদের কাছে এই জুটি ‘বিরোশ’ নামে পরিচিত। উদয়পুরের এই বিয়ের আসরে দুই পরিবারের সদস্য ছাড়াও ভারতের নামী চলচ্চিত্র পরিচালক ও অভিনয়শিল্পীরা অংশ নিয়েছেন। এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন নবদম্পতির আনুষ্ঠানিক প্রীতিভোজ বা রিসেপশন অনুষ্ঠানের ঘোষণার জন্য।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language