পাবনায় পুলিশের সামনেই জামায়াত নেতার ওপর বিএনপির হামলার অভিযোগ

পাবনা, ২৬ ফেব্রুয়ারি – পাবনার চাটমোহরে হাটের টেন্ডার শিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলা পরিষদের অধীনস্থ হাট-বাজার ইজারার টেন্ডার শিডিউল জমা দেওয়ার শেষ দিন ছিল। দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আওরঙ্গজেব তার এলাকার একটি হাটের টেন্ডার জমা দিতে উপজেলা চত্বরে আসেন। তিনি ইউএনও অফিসের সামনে রাখা বাক্সে শিডিউল ফেলার সময় সেখানে অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা তার ওপর চড়াও হয়। উপস্থিত পুলিশ ও আনসার সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
তবে এর কিছুক্ষণ পর ব্যক্তিগত কাজ শেষে ইউএনও অফিস থেকে বের হওয়ার সময় তোপের মুখে পড়েন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান। জামায়াত নেতা এখানে কেন, এমন প্রশ্ন তুলে বিএনপি নেতাকর্মীরা তাকে মারধর শুরু করে। ঘটনাস্থলে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত থাকলেও হামলাকারীদের নিবৃত্ত করতে ব্যর্থ হন বলে অভিযোগ ভুক্তভোগীর। একপর্যায়ে দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন হাবিবুর রহমান। হামলার বিষয়ে হাবিবুর রহমান জানান, তিনি একটি ব্যক্তিগত কাজে ইউএনও অফিসে এসেছিলেন এবং টেন্ডার জমা দেওয়ার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না।
তিনি এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে পরামর্শ করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। হামলায় মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল নেতা বাবলু মিস্ত্রি, শাহীন আলমসহ শতাধিক নেতাকর্মী জড়িত বলে তিনি দাবি করেন। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা লিখন বিশ্বাস বলেন, তিনি শিডিউল জমার সময়সীমা জানতে সেখানে গিয়েছিলেন এবং ঘটনার সময় হট্টগোল দেখলেও এর কারণ জানতেন না।
এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন থাকার পরও ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করবে। অন্যদিকে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন পুলিশের উপস্থিতিতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এসএএস/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









