জাতীয়

যমুনা ছাড়ছেন ড. ইউনূস, সংস্কার শেষে উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – প্রায় দেড় বছর বসবাসের পর শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে দিতে পারেন সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভবনটিতে মাসখানেকের সংস্কার কাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওঠার কথা রয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী।

২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর যমুনায় উঠেছিলেন ড. ইউনূস। নির্বাচন পরবর্তী সময়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলেও তিনি সেখানেই অবস্থান করছিলেন। তবে সম্প্রতি তিনি বাসা ছাড়ার প্রস্তুতি নিয়েছেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবাসন পরিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার বিকেলের মধ্যে তাঁর যমুনা ত্যাগের কথা রয়েছে।

এ প্রসঙ্গে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানান, প্রধানমন্ত্রীর যমুনায় থাকার অভিপ্রায় রয়েছে এবং বাসভবনটির প্রয়োজনীয় সংস্কার করতে এক মাসের মতো সময় লাগতে পারে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে গুলশানে অবস্থান করে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। অতীতেও বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টারা দায়িত্ব পালনকালে এই ভবনেই অবস্থান করেছিলেন।

এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language