জাতীয়

কুষ্টিয়ায় দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি হামজার

কুষ্টিয়া, ২৬ ফেব্রুয়ারি – কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থানীয়দের আবেগের জায়গা। এটি পুরোপুরি চালু করতে আমরা বদ্ধপরিকর। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই মেডিকেল কলেজ নিয়ে এলাকাবাসী আনন্দদায়ক সংবাদ পাবেন।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এমপি আমির হামজা বলেন, কুষ্টিয়া ও আশপাশের জেলার মানুষের সেবার মান বাড়াতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারি দপ্তরের সেবাকে জনবান্ধব করতে ১০০ দিনের কর্মসূচির অংশ হিসেবে কাজ চলছে। সাধারণ মানুষ যাতে ডিসি অফিস, এসপি অফিস বা থানায় যেতে ভয় না পায় এবং হয়রানিমুক্ত সেবা পায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে সেবার মান ও সিস্টেমে ইতিবাচক পরিবর্তন এসেছে। হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করে তিনি বলেন, হাসপাতাল ও মেডিকেল কলেজ নিয়ে দালাল চক্র এবং আর্থিক লেনদেনের কিছু লিখিত অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের সতর্ক করে সময় দেওয়া হয়েছে। এমপি স্পষ্ট ভাষায় বলেন, কুষ্টিয়ায় এখন আর কোনো অদৃশ্য ক্ষমতার দাপট বা ওপরওয়ালা নেই। দুর্নীতি বা অনিয়ম হলে সরাসরি আমাকে জানাবেন।

অতীতে যারা শপথ ভঙ্গ করেছেন তাদের মতো আমরা হতে চাই না, জনগণের আমানত রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএএস/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language