হবিগঞ্জে বালুর নিচে লুকানো ৪০ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি – হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে বালুর নিচে লুকানো অবস্থায় প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালানবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এসব অভিযান পরিচালিত হয়। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। এ সময় সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে গাড়িটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিত্যক্ত ওই ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই এলাকায় পরিচালিত অপর একটি বিশেষ অভিযানে আরও একটি ট্রাক আটক করা হয়। সেখানেও তল্লাশি চালিয়ে বালুর নিচ থেকে একই কৌশলে লুকানো বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়। জব্দকৃত এসব জিরার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা। অবৈধভাবে আমদানী করা এসব পণ্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









