বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন রেজাউল করিম বাদশা

বগুড়া, ২৬ ফেব্রুয়ারি – বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান ঢাকা-১৭ ও বগুড়া-৬ দুটি আসন থেকেই অংশ নিয়ে জয়লাভ করেন। সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী একজন ব্যক্তি একাধিক আসনে জয়ী হলেও সংসদ সদস্য হিসেবে একটি আসনই রাখতে পারেন। সেই প্রেক্ষাপটে তিনি ঢাকা-১৭ আসনটি নিজের রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে শূন্য হওয়া এই আসনে রেজাউল করিম বাদশাকে দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
এসএএস/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









