সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দের নির্দেশ

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে অবস্থিত ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও অন্যান্য স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে লন্ডনে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। অর্থপাচার বা মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ করা জরুরি। অভিযুক্তদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে।
তদন্তকারী দল আদালতের কাছে যুক্তরাজ্যে সম্পদ ক্রয়ের চুক্তিপত্র, ডিড, পেমেন্ট অর্ডার, বুকিং মানির রশিদ ও ভাউচারসহ বিভিন্ন নথিপত্র উপস্থাপন করে। জব্দকৃত সম্পত্তির তালিকায় রয়েছে লন্ডনের মেরিলিবোন স্কয়ারে ৬৫ লাখ ২১ হাজার পাউন্ড মূল্যের একটি অ্যাপার্টমেন্ট, ওভাল ভিলেজে একাধিক ফ্ল্যাট, ক্ল্যারেনডন রোডে ১.২৩ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ এবং লিভারপুলের ওয়ান ইসলিংটন প্লাজায় একাধিক ইউনিট। এছাড়া হারো, স্লফ ও প্রেস্টনসহ যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে থাকা তার আরও সম্পত্তির তথ্য আদালতে তুলে ধরা হয়।
এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









