জাতীয়

পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – বাংলাদেশ পুলিশে খুব শীঘ্রই আরও ১০ হাজার নতুন কনস্টেবল পদে জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

মন্ত্রী উল্লেখ করেন যে পুলিশের সক্ষমতা ও জনবল বৃদ্ধির জন্য তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া মাত্রই এই ১০ হাজার কনস্টেবল নিয়োগের কার্যক্রম শুরু করা হবে। এর বাইরে সাব ইন্সপেক্টর এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সহকারী পুলিশ সুপার বা এএসপি নিয়োগের বিষয়টি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। এছাড়া সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা কমিটিগুলো পুনর্গঠনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সঠিক পরিকল্পনা গ্রহণ ও সেই মোতাবেক কাজ সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগের জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে এবং যথাযথ পরীক্ষার মাধ্যমে শীঘ্রই এই পদগুলো পূরণ করা হবে।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language