মনোনীত হয়েও শেষ মুহূর্তে বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – মনোনীত হওয়ার পরও শেষ মুহূর্তে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করতে পারলেন না কবি মোহন রায়হান।কোনো আনুষ্ঠানিক পূর্বঘোষণা ছাড়াই এবারের আসরে কবিতার জন্য নির্ধারিত পুরস্কারটি স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত পুরস্কার দেওয়া হয়নি।
তিন দিন আগে ঘোষিত পুরস্কারপ্রাপ্তদের তালিকায় কবিতার জন্য মোহন রায়হানের নাম ছিল এবং তিনি সেই অনুযায়ী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু পুরস্কার বিতরণের সময় মঞ্চে তার নাম ঘোষণা করা হয়নি, ফলে তিনি খালি হাতেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
মোহন রায়হানের অভিযোগ, প্রায় ৪০ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে ‘তাহেরের স্বপ্ন’ নামক একটি কবিতা লেখার কারণে তাকে এই পুরস্কার দেওয়া হয়নি। তিনি জানান, অনুষ্ঠানের আগের দিন সন্ধ্যায়ও তিনি মহড়ায় অংশ নিয়েছিলেন এবং তখনো কোনো সমস্যার কথা তাকে জানানো হয়নি।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম গণমাধ্যমকে জানিয়েছেন, মোহন রায়হানের বিষয়ে কিছু অভিযোগ উত্থাপিত হওয়ায় পুরস্কারটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এবারের অনুষ্ঠানে কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসানের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









