সিরাজগঞ্জ

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রতিমন্ত্রীর

সিরাজগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি – দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম.এ মুহিত। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এর অংশ হিসেবে বাজেটে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি জনবল কাঠামো শক্তিশালী করা হবে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, নিয়োগপ্রাপ্ত কর্মীদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং কর্মস্থলে তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ওষুধ ও যন্ত্রপাতির সরবরাহ অব্যাহত রাখা হবে। চিকিৎসকদের আচরণের গুরুত্ব তুলে ধরে তিনি মন্তব্য করেন যে, চিকিৎসকরা রোগীদের সাথে সদয় আচরণ করলে এবং সময় নিয়ে সেবা দিলে ৮০ ভাগ রোগী মানসিকভাবেই সুস্থ বোধ করেন।

হাসপাতালের অব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, জায়গা দখল ও দালালদের দৌরাত্ম্য কেবল পুলিশ দিয়ে বন্ধ করা সম্ভব নয়, এজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি নাগরিককে হাসপাতালটিকে নিজের সম্পদ মনে করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সিরাজগঞ্জ সফরের সময় তিনি জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে চিকিৎসক ও জনবল সংকটের বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। এছাড়া মহাসড়কের পাশের ট্রমা সেন্টারটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত চালুর ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সিভিল সার্জন ডা. রুহুল আমিন।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language