জাতীয়

গণভোটের ফলাফলে ইসির বড় সংশোধনী, কমল ‘হ্যাঁ’ ও ‘না’ উভয় ভোট

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অতিরিক্ত গেজেটের মাধ্যমে এই সংশোধনী তথ্য প্রকাশ করা হয়েছে।

নতুন সংশোধনী অনুযায়ী পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ এবং ‘না’ উভয় ভোটের সংখ্যাই উল্লেখযোগ্য হারে কমেছে।

ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে সংবিধান সংস্কারের প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। উক্ত ভোটের ফলাফল গত ১৩ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশিত হয়েছিল। প্রথম গেজেটের হিসেব অনুযায়ী হ্যাঁ ভোটের সংখ্যা ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন এবং না ভোটের সংখ্যা ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন।

তবে সংশোধিত গেজেটের তথ্যমতে গণভোটে হ্যাঁ ভোটের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ জনে এবং না ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১ জনে।

সংশোধিত ফলাফল বিশ্লেষণে দেখা যায় আগের তুলনায় ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি হ্যাঁ ভোট এবং ১ লাখ ১১ হাজার ৪৯৫টি না ভোট কমেছে। অন্যদিকে বৈধ ভোট কমলেও বাতিল করা ভোটের সংখ্যা আগের চেয়ে ১২ হাজার ৫৫৯টি বেড়ে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ হয়েছে।

সার্বিকভাবে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমেছে বলে জানিয়েছে কমিশন।

নির্বাচন কমিশন এই সংশোধনীর সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও জানিয়েছে যে কমিশনের আদেশক্রমেই এই সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে এবং এর মাধ্যমেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনসম্মতি চূড়ান্ত হবে।

এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language