এশিয়া

ইরানকে চাপে রাখতে ভূমধ্যসাগরে মার্কিন রণতরির টহল জোরদার

ইরান, ২৬ ফেব্রুয়ারি – ইরানের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে মার্কিন সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে এ সপ্তাহে ভূমধ্যসাগরে পাঠানো বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্রিটের একটি নৌঘাঁটি ত্যাগ করেছে।

বৃহস্পতিবার এএফপির একজন আলোকচিত্রী রণতরিটির বন্দর ত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যস্থতায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পরোক্ষ আলোচনা বৃহস্পতিবার সকালে জেনেভায় শুরু হয় আর ঠিক সেই সময়েই রণতরিটি রওনা দেয়।

গত সোমবার থেকে জাহাজটি ক্রিটের ইউএস নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি সউদা বে ঘাঁটিতে অবস্থান করছিল। তবে এথেন্সে অবস্থিত মার্কিন দূতাবাস রণতরির উপস্থিতি বা গন্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উল্লেখ্য যে ডোনাল্ড ট্রাম্প গত বছর ইরানের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন এবং তেহরান নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত না হলে বারবার সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা ইরান মূলত পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যেই তাদের কর্মসূচি পরিচালনা করছে।

বর্তমানে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের এক ডজনেরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে যার মধ্যে একটি বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন এবং ৯টি ডেস্ট্রয়ার ও আরও তিনটি যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত।

মধ্যপ্রাচ্যে একই সময়ে দুটি মার্কিন বিমানবাহী রণতরির উপস্থিতি একটি বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এসব বিশাল রণতরীতে সাধারণত ডজনখানেক যুদ্ধবিমান থাকে এবং হাজারো নাবিক সেখানে দায়িত্ব পালন করে থাকেন।

এ এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language