গাজীপুর

টঙ্গীতে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

গাজীপুর, ২৬ ফেব্রুয়ারি – গাজীপুরের টঙ্গীতে একটি কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টঙ্গী পশ্চিম থানাধীন লস্করপাড়া এলাকায় অবস্থিত ওই কারখানাটিতে গতরাত ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়,

টঙ্গী পশ্চিম থানার ৫১ নম্বর ওয়ার্ডের লস্করপাড়া এলাকায় মো. খোরশেদ আলমের মালিকানাধীন ওই কারখানায় হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয়রা ও কারখানার লোকজন বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

তাদের তৎপরতায় ভোর ৪টা ৪০ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের ধারণা, কয়েল রাখার প্লাস্টিকের ট্রলি অতিরিক্ত তাপে গরম হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। কারখানার মালিক খোরশেদ আলম দাবি করেছেন, এই অগ্নিকাণ্ডে তার প্রাথমিকভাবে ২০ থেকে ৩০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, আগুনের খবর পাওয়ার পরপরই তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

এ এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language