মেক্সিকোতে ২০৩০ সালের মধ্যে সাপ্তাহিক কর্মঘণ্টা ৪০ ঘণ্টায় নামিয়ে আনার বিল পাস

মেক্সিকো, ২৬ ফেব্রুয়ারি – মেক্সিকোর আইনপ্রণেতারা বুধবার একটি সাংবিধানিক সংস্কার প্রস্তাব অনুমোদন করেছেন। এর আওতায় দেশটিতে সাপ্তাহিক কর্মঘণ্টা ৪৮ থেকে কমিয়ে ধাপে ধাপে ২০৩০ সালের মধ্যে ৪০ ঘণ্টায় নামিয়ে আনা হবে।
নতুন অনুমোদিত নিয়ম অনুসারে ২০২৭ সালে প্রথম ধাপে কর্মঘণ্টা কমিয়ে ৪৬ করা হবে। এরপর প্রতিবছর দুই ঘণ্টা করে কমিয়ে ২০৩০ সালে তা ৪০ ঘণ্টায় নামিয়ে আনা হবে। এই সংস্কারের মাধ্যমে লাতিন আমেরিকার চিলি, ইকুয়েডর ও ভেনেজুয়েলার মতো দেশগুলোর কাতারে শামিল হয়ে ৪০ ঘণ্টার সাপ্তাহিক কর্মঘণ্টার নিয়ম চালু করতে যাচ্ছে মেক্সিকো।
দেশটির আইনসভায় সংস্কার প্রস্তাবটি ৪৬৯ ভোটে পাস হয়েছে এবং এর বিপক্ষে কোনো ভোট পড়েনি। তবে বিরোধীরা অভিযোগ তুলেছেন যে এই আইন শ্রমিকদের জন্য পর্যাপ্ত বিশ্রামের দিন নিশ্চিত করতে পারছে না। তাদের মতে সপ্তাহে ছয় দিন কাজের বিপরীতে মাত্র এক দিন বিশ্রাম রাখা হয়েছে।
মধ্যপন্থী বাম দল সিটিজেনস মুভমেন্ট এর সদস্য প্যাট্রিসিয়া মার্কাডো উল্লেখ করেছেন যে মেক্সিকো বিশ্বের অন্যতম উচ্চ কর্মসংক্রান্ত মানসিক চাপের দেশ।
তিনি জানান পঁচাত্তর শতাংশ কর্মী মানসিক চাপের সমস্যার সম্মুখীন হন তাই স্বাস্থ্যসম্মত জীবনের জন্য পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত জরুরি।
আইনটি চূড়ান্তভাবে কার্যকর হওয়ার জন্য মেক্সিকোর ৩২টি রাজ্যের অন্তত ১৭টির বিধানসভায় সমর্থন প্রয়োজন হবে। সংসদীয় নোটে স্পষ্টভাবে বলা হয়েছে যে কর্মঘণ্টা কমানোর অজুহাতে কোনো অবস্থাতেই শ্রমিকদের বেতন বা মজুরি কমানো যাবে না।
এ এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









