শহীদ পুলিশ সদস্যদের প্রতি নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা নিবেদন

রাজারবাগ পুলিশ লাইন্স, ২৬ ফেব্রুয়ারি – নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বা আইজিপি মো. আলী হোসেন ফকির মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে মো. আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ প্রদান করে।
প্রজ্ঞাপনের পরদিন বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং আজ সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন। জানা গেছে বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা মো. আলী হোসেন ফকির রাজনৈতিক কারণে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাকরিচ্যুত হয়েছিলেন।
পরবর্তীতে বিএনপি শাসনামলে তিনি চাকরি ফিরে পেলেও পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান এবং এরপর সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন।
এ এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









