শিক্ষা

মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মীদের উপস্থিতি ও অফিস ত্যাগের বিষয়ে কঠোর নির্দেশনা

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অফিসে যথাসময়ে উপস্থিতি এবং নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ দেওয়া হয়, যেখানে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এর বিষয়গুলো স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে এবং দাপ্তরিক শৃঙ্খলা রক্ষায় সকল কর্মকর্তা ও কর্মচারীকে আবশ্যিকভাবে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত হতে হবে। পবিত্র রমজান মাসে বিকেল সাড়ে ৩টা এবং পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে কেউ নিজ দপ্তর ত্যাগ করতে পারবেন না। তবে দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস সময়ের মধ্যে বাইরে যেতে হলে নিজ নিজ বিভাগীয় প্রধান তথা রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক বা পরিদর্শকের অনুমতি নিয়ে ডিজিটাল হাজিরা নিশ্চিত করে যেতে হবে।

এছাড়া আঞ্চলিক অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটির দিনে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রেও কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি, বিলম্বে উপস্থিতি বা সময়ের আগে অফিস ত্যাগ করলে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language