বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি রাজধানীর মতিঝিলে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় ব্যাংকের তিনজন ডেপুটি গভর্নর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। কার্যালয়ে প্রবেশের সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি সংক্ষিপ্ত মন্তব্য করেন।
তিনি বলেন, এসেছি, আগে কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে। জানা গেছে, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং প্রধান অর্থনীতিবিদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। এরপর তিনি নির্বাহী পরিচালকদের সঙ্গেও মতবিনিময় করবেন।
এর আগে বুধবার আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে সরকার মো. মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ প্রদান করে। তিনি ব্যয় ব্যবস্থাপনা বা কস্ট ম্যানেজমেন্ট বিষয়ে এফসিএমএ ডিগ্রিধারী। উল্লেখ্য, দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হলো। মো. মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।
এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









