নদী ও জলাশয় খনন কর্মসূচি সেলের সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি সেলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। সরকার গঠিত আট সদস্যের এই সেলে তাকে প্রধান করা হয়েছে।
এই সেলে সদস্য হিসেবে যুক্ত থাকছেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকও সদস্য হিসেবে থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলের সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত এই সেল নদী, খাল ও জলাশয় খননের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।
পাশাপাশি বিভিন্ন সংস্থার অধীনে চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন এবং খনন কার্যক্রম পর্যালোচনা করে উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। জনসম্পৃক্ততা বাড়াতে প্রচারণার উদ্যোগও নেবে এই সেল। প্রয়োজনে সেলের সদস্যরা আলোচনার মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবেন এবং এর সাচিবিক সহায়তা দেবে পানি সম্পদ মন্ত্রণালয়।
এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









