চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামের পতেঙ্গায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের প্রাথমিক কার্যক্রম

চট্টগ্রাম, ২৬ ফেব্রুয়ারি – চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, দেশের ১৪টি জেলার ১৪টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রাথমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরের পতেঙ্গার একটি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি নিশ্চিত করেছেন যে, শতভাগ সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমেই ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। বুধবার জেলা প্রশাসন কার্যালয়ে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক জানান, নির্বাচিত ওয়ার্ডের জন্য একটি নির্ভুল ও বাস্তবসম্মত তালিকা প্রস্তুত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রকৃত দাবিদার, বিশেষ করে অসহায় নারীরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হন, সে বিষয়ে প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দল ও মত নির্বিশেষে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার সারাদেশে নারীর ক্ষমতায়নে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ অন্যতম। তিনি জানান, বাংলাদেশে প্রায় চার কোটি পরিবারের মধ্যে প্রাথমিকভাবে ৫০ লাখ অতি দরিদ্র পরিবারকে এই কার্ড দেওয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়নে একটি নির্ধারিত কমিটি কাজ করলেও প্রশাসনের পক্ষ থেকে ধাপে ধাপে তদারকি অব্যাহত থাকবে। লক্ষ্য হলো কোনো ভুল তথ্য যেন অন্তর্ভুক্ত না হয় এবং প্রতিটি যোগ্য নারী তার অধিকার বুঝে পান।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language