শিক্ষা

জুনিয়র বৃত্তি পরীক্ষায় দেশসেরা দিনাজপুরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল

দিনাজপুর, ২৬ ফেব্রুয়ারি – জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে অভূতপূর্ব সাফল্য অর্জন করে সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে দিনাজপুরের চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৮৪ জন শিক্ষার্থীর প্রত্যেকেই বৃত্তি লাভ করেছে, যা শতভাগ সাফল্যের এক বিরল দৃষ্টান্ত। কৃতী শিক্ষার্থীদের মধ্যে ৬৮ জন ট্যালেন্টপুলে এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের এই তালিকায় ৫৫ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী রয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের সহ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল করিম চৌধুরী জানান, এটি দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে সেরা সাফল্য। এমনকি অন্য কোনো বোর্ডেও একটি প্রতিষ্ঠান থেকে শতভাগ বৃত্তি এবং এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর ট্যালেন্টপুল পাওয়ার নজির সচরাচর দেখা যায় না।

প্রতিষ্ঠানটির পরিচালক ও অধ্যক্ষ আলহাজ মো. মমিনুল ইসলাম মমিন এই অর্জনের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায় এবং অভিভাবকদের সহযোগিতাই প্রতিষ্ঠানকে এই অবস্থানে নিয়ে এসেছে। ভালো ফলাফলের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই উপজেলার আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকেও ১১০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। তাদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুল এবং ৮২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী এতে অংশ নিয়েছিল, যার মধ্য থেকে ৪৫ হাজার ২০০ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় বৃত্তি প্রদান করা হয়েছে।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language