প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়ে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ১০ গুণীজন ও প্রতিষ্ঠান

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক ২০২৬ আনুষ্ঠানিকভাবে প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি গুণীজনদের হাতে এই সম্মাননা তুলে দেন
। জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়েছে। এ বছর অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে প্রয়াত আইয়ুব বাচ্চু এবং নৃত্যে অর্থী আহমেদ একুশে পদক লাভ করেছেন।
এছাড়া পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস এই সম্মাননা অর্জন করেন। পাশাপাশি সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে দলীয়ভাবে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রীপরিষদের সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









