বলিউড

জন্মদিনে ১৬ কোটির হীরার কেক কাটলেন উর্বশী, নিলেন ২৫১ মেয়ের বিয়ের দায়িত্ব

বাগেশ্বর ধাম, ২৬ ফেব্রুয়ারি – বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা নিজের ৩২তম জন্মদিনে বিলাসিতা ও মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছেন। গত বুধবার ২৫ ফেব্রুয়ারি তিনি জন্মদিনের উৎসবে এমন এক কেক কেটেছেন যা নিয়ে এখন নেটদুনিয়ায় তোলপাড় চলছে।

জানা গেছে বিশেষ এই দিনটির জন্য সাততলা বিশিষ্ট একটি কেক তৈরি করা হয়েছিল যাতে বসানো ছিল আসল হীরা। কালো রঙের এই বিশালাকার কেকটিতে সোনালি কারুকাজের পাশাপাশি প্রতিটি স্তরে দামি হীরা খচিত ছিল যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি রুপি। উর্বশীর রাজকীয় জীবনযাপন সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। গত বছর তিনি ১২ কোটি রুপির রোলস রয়েস এবং ৫ কোটি রুপির মার্সিডিজ গাড়ি কিনে খবরের শিরোনাম হয়েছিলেন। তবে এবারের জন্মদিনে শুধুই বিলাসিতা নয় বরং তাঁর মানবিক দিকটিও সবার প্রশংসা কুড়িয়েছে।

তিনি তাঁর জন্মদিনের বিশেষ দিনটিতে বাগেশ্বর ধামে ২৫১ জন দুস্থ মেয়ের গণবিবাহের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। উর্বশী নিজে সেই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে নবদম্পতিদের আশীর্বাদ জানান এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন। পেশাগত জীবনেও উর্বশী এখন বেশ ভালো সময় পার করছেন। সম্প্রতি তেলুগু ছবি ডাকু মহারাজ এবং হিন্দি ছবি ঘুষপৈঠিয়াতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবেও তাঁর উপস্থিতি ছিল উজ্জ্বল। আগামীতে তাঁকে কমল হাসানের সঙ্গে ইন্ডিয়ান থ্রি এবং অক্ষয় কুমারের সঙ্গে ওয়েলকাম থ্রি সিনেমায় দেখা যাবে। পাশাপাশি পারভীন ববির বায়োপিকে নামভূমিকায় অভিনয়ের কথাও রয়েছে তাঁর।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language