টিভি বা ল্যাপটপের স্ক্রিন টিস্যু দিয়ে মুছছেন? ডেকে আনছেন বড় বিপদ

বর্তমান সময়ে দিনের একটি বড় অংশ কাটে ডিজিটাল পর্দার সামনে। কাজ, বিনোদন কিংবা পড়াশোনা, সবকিছুর কেন্দ্রবিন্দুতে এখন টেলিভিশন বা ল্যাপটপের স্ক্রিন। তাই স্ক্রিনে সামান্য দাগ বা ধুলো জমলেই হাতের কাছে থাকা টিস্যু দিয়ে মুছে ফেলার প্রবণতা দেখা যায় অনেকের মধ্যে। টিস্যুকে নরম মনে করে নিরাপদ ভাবা হলেও এই সাধারণ অভ্যাসটি শখের ডিভাইসের অপূরণীয় ক্ষতি করতে পারে।
স্ক্রিন পরিষ্কারে সামান্য অসাবধানতা দীর্ঘমেয়াদে ডিসপ্লের রং, উজ্জ্বলতা এবং মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। টিস্যু পেপার আপাতদৃষ্টিতে নরম মনে হলেও এটি মূলত কাঠের মণ্ড বা পাল্প থেকে তৈরি হয়। এতে থাকা ফাইবার অনেক সময় বেশ রুক্ষ হয়, যা খালি চোখে ধরা পড়ে না। আধুনিক এলইডি, এলসিডি বা ওএলইডি স্ক্রিনে বিশেষ অ্যান্টি গ্লেয়ার বা অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং থাকে। শুকনো টিস্যু দিয়ে নিয়মিত ঘষলে এই সূক্ষ্ম কোটিংয়ে ক্ষুদ্র আঁচড় পড়ার ঝুঁকি থাকে।
প্রাথমিকভাবে এটি বোঝা না গেলেও সময়ের সঙ্গে স্ক্রিন ঘোলাটে হয়ে যেতে পারে। এছাড়া ল্যাপটপ ও টিভির স্ক্রিনে থাকা প্রোটেকটিভ লেয়ার অত্যন্ত সংবেদনশীল হয়। টিস্যু দিয়ে চাপ প্রয়োগ করে মুছলে এই স্তর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। ফলে স্ক্রিনের উজ্জ্বলতা কমে যাওয়া, রং ফ্যাকাসে দেখানো কিংবা আলোর প্রতিফলন বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।
শুকনো টিস্যুর ঘর্ষণে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ তৈরি হতে পারে, যা তাৎক্ষণিকভাবে পরিষ্কার মনে হলেও পরবর্তীতে আরও বেশি ধুলো বালি আকর্ষণ করে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, স্ক্রিন পরিষ্কারের সবচেয়ে নিরাপদ উপায় হলো নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা। এই ধরনের কাপড় ধুলো শুষে নেয় এবং স্ক্রিনে কোনো আঁচড় ফেলে না।
এছাড়া প্রয়োজনে বিশেষভাবে তৈরি স্ক্রিন ক্লিনিং সলিউশন ব্যবহার করা যেতে পারে, তবে তা কখনোই সরাসরি স্ক্রিনে স্প্রে করা উচিত নয়।
প্রথমে কাপড়ে স্প্রে করে তারপর আলতো হাতে মুছতে হয়। হালকা দাগের ক্ষেত্রে ডিস্টিল্ড ওয়াটার ব্যবহার করা নিরাপদ, তবে ট্যাপের পানিতে থাকা খনিজ পদার্থ দাগ ফেলতে পারে বলে তা এড়িয়ে চলাই শ্রেয়।
অনেকেই কাঁচ পরিষ্কারের স্প্রে ব্যবহার করেন, যা স্ক্রিনের জন্য ক্ষতিকর। অ্যামোনিয়া বা শক্তিশালী রাসায়নিক যুক্ত ক্লিনার ডিসপ্লের স্থায়ী ক্ষতি করতে পারে।
স্ক্রিন পরিষ্কারের সময় ডিভাইসটি অবশ্যই বন্ধ এবং ঠান্ডা করে নেওয়া জরুরি। প্রতিদিন পরিষ্কার করার পরিবর্তে কেবল দৃশ্যমান ধুলো বা দাগ থাকলেই স্ক্রিন মোছা উচিত।
এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









