বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় দূষিত শহর এখন ঢাকা

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে ধুঁকছে রাজধানী ঢাকা। সম্প্রতি আবহাওয়া শুষ্ক থাকায় এই মেগাসিটিতে বেশিরভাগ সময় দূষণের মাত্রা অত্যন্ত বেশি থাকছে। বৃহস্পতিবার সকালে ২৪৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা।
বায়ুমানের এই স্কোর আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী ৫৫৯ স্কোর নিয়ে বায়ুদূষণে বর্তমানে শীর্ষে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। পাকিস্তানের শহর লাহোর রয়েছে তৃতীয় অবস্থানে এবং শহরটির স্কোর ২৪৫। তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা যার স্কোর ২৩৪।
এছাড়া ১৯৪ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং ১৯১ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয় আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে অস্বাস্থ্যকর বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। বর্তমান পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয় যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









