জাতীয়

মোহাম্মদপুর ও আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক শতাধিক

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদক কারবারিদের দমনে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।

বুধবার রাতে পরিচালিত এই অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম রাত ১০টা থেকে ২টা পর্যন্ত টানা এই অভিযান চালায়। আসন্ন পবিত্র রমজান মাসে জনসাধারণের নিরাপদে রোজা পালন এবং শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন নিশ্চিত করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

অভিযানে নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। এ সময় তার সঙ্গে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিসি ইবনে মিজান জানান, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে মোহাম্মদপুর ও আদাবর থানার যৌথ প্রচেষ্টায় বিভিন্ন পর্যায়ের শতাধিক অপরাধীকে আটক করা সম্ভব হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল জোরদার করা হয়েছে, যাতে এলাকায় কিশোর গ্যাং বা ছিনতাইকারীরা পুনরায় সক্রিয় হতে না পারে।

এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language