চট্টগ্রামের পতেঙ্গায় শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম

চট্টগ্রাম, ২৬ ফেব্রুয়ারি – চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন দেশের ১৪টি জেলার ১৪টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রাথমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা ওয়ার্ডে এই কর্মসূচির কার্যক্রম পরিচালিত হবে।
বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসক উল্লেখ করেন যে নির্বাচিত ওয়ার্ড নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়েছে যাতে একটি নির্ভুল ও বাস্তবসম্মত তালিকা প্রস্তুত করা সম্ভব হয়। প্রকৃত দাবিদার এবং বিশেষ করে অসহায় নারীরা যেন কোনোভাবেই বঞ্চিত না হন সেদিকে প্রশাসন বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন রাজনৈতিক দল ও মত নির্বিশেষে সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে এই কার্যক্রম পরিচালনা করা হবে। একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রণয়নে প্রশাসন বদ্ধপরিকর এবং সেই লক্ষে কাজ চলমান রয়েছে।
নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে জেলা প্রশাসক বলেন সারা দেশে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বর্তমান সরকারের পক্ষ থেকে বিভিন্ন যুগান্তকারী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তিনি জানান বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে এবং এর মধ্যে প্রাথমিকভাবে ৫০ লাখ অতি দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
এ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি নির্ধারিত কমিটি কাজ করবে। তবে শুধু কমিটির ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে নীতিমালাটি আরও নির্ভুল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। মনিটরিংয়ের বিষয়ে তিনি জানান ধাপে ধাপে প্রতিটি কার্যক্রম তদারকি করা হবে যাতে কোনো ভুল তথ্য অন্তর্ভুক্ত না হয় এবং কোনো অসহায় নারী বাদ না পড়েন। প্রত্যেক যোগ্য নারীর ফ্যামিলি কার্ড পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য। এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে একটি ভার্চুয়াল সভায় আরও সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









