দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার ব্যবসা ও বিনিয়োগ প্রক্রিয়াকে সহজ করতে চায়। গত তিন বছরে দেশের অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা ছিল এবং কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি। প্রতি বছর দেশে প্রায় ২০ লাখ মানুষ নতুন করে কর্মবাজারে প্রবেশ করছে, তাই দেশকে প্রকৃত অর্থেই বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নানামুখী বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দ্বিপাক্ষিক এই সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, আগামী সময়ে দেশের বিনিয়োগ পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে। এসময় তিনি বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইইউ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও গতিশীল করতে আগ্রহী। তিনি নন ট্যারিফ বা শুল্কবহির্ভূত বাধাগুলো অপসারণে বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান।
বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান ও অতিরিক্ত সচিব আয়েশা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রেডরিক ইনজা, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক, ইতালির রাষ্ট্রদূত এন্তোনিও আলসান্দ্রে, জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ ও ইইউর ট্রেড অ্যাডভাইজর আবু সাঈদ বেলাল অংশ নেন।
এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









