জাতীয়

জামিন পেলেই আ.লীগ নেতাদের ফের গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির

রাজশাহী, ২৫ ফেব্রুয়ারি – কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কোনো প্রভাবশালী নেতাকর্মী আদালত থেকে জামিন পেলে তাদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ডিআইজি স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীন আটটি জেলার পুলিশ সুপারদের এই নির্দেশ কঠোরভাবে পালনের কথা বলা হয়েছে।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে বেশ কিছু বিষয়ের প্রতি পুলিশ সুপারদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

চিঠিতে প্রথম নির্দেশনায় বলা হয় কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত ফ্যাসিস্ট সংগঠনের যে সকল নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী বা সংগঠিত করতে পারে এবং মাঠপর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার বা শ্যোন অ্যারেস্ট দেখাতে হবে। তবে যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয় বা যাদের দ্বারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই তাদের জামিন হলে গ্রেপ্তার বা শ্যোন অ্যারেস্ট দেখানোর প্রয়োজন আপাতত নেই বলে উল্লেখ করা হয়।

চিঠির দ্বিতীয় নির্দেশনায় প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করার কথা বলা হয়েছে। চিঠিতে আরো জানানো হয় যে ইতিপূর্বে এ বিষয়ে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছে তবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় হওয়ায় লিখিতভাবে জানানো হলো।

রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া ও জয়পুরহাট এই আট জেলার পুলিশ সুপারদের কাছে এই বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে।

এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language