শিক্ষা

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলেই কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার দুপুরে সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, প্রতিবছর ভর্তি ফি নেওয়া যাবে না মর্মে আদালতের নির্দেশনা রয়েছে। এই আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে কোনো প্রতিষ্ঠান ফি আদায় করছে, এমন অভিযোগের প্রমাণ পাওয়া গেলে শিক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।

এমপিওভুক্তি প্রসঙ্গে মন্ত্রী জানান, এর আগে তড়িঘড়ি করে যাচাই বাছাই করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং পর্যালোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের বিষয়ে তিনি বলেন, সাত কলেজ নিয়ে এখনও নথি দেখার সুযোগ হয়নি। এ বিষয়ে একটি কমিটি গঠন করে পর্যালোচনা করা হবে এবং এরপর বিস্তারিত কথা বলা যাবে।

উল্লেখ্য, এর আগে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা প্রকাশ করে। ওই নীতিমালায় উল্লেখ করা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিক্ষার্থীদের কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।

এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language