৫ আগস্টের পর সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে, সেগুলো দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।
বুধবার পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে ৫ আগস্টের পরবর্তী সময়ে দেশের নানা প্রান্তে বহু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অসংখ্য হয়রানিমূলক মামলা হয়েছে। এসব মামলার জেরে অনেক সাংবাদিক বর্তমানে কারাবন্দী আছেন এবং অনেককে নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে। ফলে সাংবাদিকদের স্বাভাবিক পেশাগত কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
সম্পাদক পরিষদের পক্ষ থেকে এর আগেও অন্তর্বর্তী সরকারের কাছে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া এসব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। সে সময় মামলাগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি বলে বিবৃতিতে হতাশা প্রকাশ করা হয়।
অবশ্য কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও প্রমাণসাপেক্ষ অভিযোগ থাকলে তা প্রচলিত আইন ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির বিষয়টিতেও জোর দিয়েছে সংগঠনটি। তারা মনে করে ন্যায়বিচারের স্বার্থে অভিযোগের যথাযথ অনুসন্ধান জরুরি, তবে হয়রানিমূলক মামলা কোনোভাবেই কাম্য নয়।
গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম অঙ্গীকার উল্লেখ করে নতুন সরকারের প্রতি বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









