জাতীয়

১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বা ‘ডে-অফ’ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের পর ট্রেনের সময়সূচি আবার স্বাভাবিক নিয়মে ফিরবে এবং সাপ্তাহিক ছুটি যথারীতি কার্যকর হবে।

যাত্রীসেবা নিশ্চিত করতে এবং ট্রেনের সময়ানুবর্তিতা রক্ষায় বিভাগীয় ও জোনাল কন্ট্রোলে পৃথক মনিটরিং সেল গঠন করা হবে। সেখানে কর্মকর্তাদের জরুরি দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের বিশেষ নজরদারির মাধ্যমে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি রেলভবনের সম্মেলন কক্ষে ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language