সিলেট বিভাগ

সিসিকের দায়িত্ব নিলেন নতুন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট, ২৫ ফেব্রুয়ারি – সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার দুপুরে নগর ভবনে উপস্থিত হয়ে তিনি এই দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রতিশ্রুতি দেন যে, নগরীর চলমান উন্নয়ন কাজ এখন থেকে আরও ত্বরান্বিত হবে।

একইসঙ্গে নগরবাসী যাতে স্বল্পতম সময়ে কাঙ্ক্ষিত নাগরিক সেবা পান, তা নিশ্চিত করতে প্রশাসনিক কার্যক্রমে গতি আনার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। এর আগে বুধবার সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে তিনি সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে প্রশাসকের চেয়ারে বসেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিসিকের নির্বাহী প্রকৌশলী রেজাই রাফিন সরকারসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language