স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে: শিক্ষামন্ত্রী

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – গত বছরের স্থগিত হয়ে যাওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের এই তথ্য জানান।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, মামলা-সংক্রান্ত জটিলতার কারণে গত বছর যথাসময়ে এই পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। পরীক্ষার সময়সূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এপ্রিল মাসে ঈদুল আজহার আগেই এই বৃত্তি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
চলতি বছরের পরীক্ষা ডিসেম্বরে হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে স্থগিত পরীক্ষাটি নেওয়া হোক, এরপর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।
এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









