রাজবাড়ী

রাজবাড়ীর পদ্মায় ধরা পড়ল বিশাল দুটি ইলিশ, বিক্রি ১০ হাজারে

রাজবাড়ী, ২৫ ফেব্রুয়ারি – রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় আকারের দুটি ইলিশ মাছ। মাছ দুটির মোট ওজন চার কেজি এবং এগুলো মোট ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বুধবার ভোরে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্ণেশন এলাকায় পদ্মা নদীতে জেলে সেকেন হলদারের জালে মাছ দুটি ধরা পড়ে। এর মধ্যে একটির ওজন দুই কেজি ১০০ গ্রাম এবং অপরটির ওজন এক কেজি ৯০০ গ্রাম।

স্থানীয় সূত্রে জানা যায় নদীতে পানি ও স্রোত কমে যাওয়ায় জেলেদের জালে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও ইলিশ খুব একটা পাওয়া যাচ্ছিল না। এর মধ্যেই ভোরে জেলের জালে বড় আকারের এই দুটি ইলিশ ধরা পড়ে। মাছগুলো বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় হালিম সরদারের মাছের আড়তে নেওয়া হলে সেখানে নিলাম ডাকা হয়।

নিলামে ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছ দুটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ। পরবর্তীতে তিনি অনলাইনে যোগাযোগ করে মুন্সিগঞ্জের এক ইতালিপ্রবাসীর কাছে মাছ দুটি মোট ১০ হাজার টাকায় বিক্রি করেন।

এ এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language