ওটিটি নয়, ২১৫ কোটির প্রস্তাব ফিরিয়ে প্রেক্ষাগৃহেই আসছে আলিয়া ভাটের ‘আলফা’

ভারত, ২৫ ফেব্রুয়ারি – বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘আলফা’ নিয়ে সম্প্রতি নানা জল্পনা তৈরি হয়েছিল।
শোনা যাচ্ছিল যে ছবিটি প্রেক্ষাগৃহের পরিবর্তে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে যা শুনে হতাশ হয়েছিলেন ভক্তরা। তবে সর্বশেষ সংবাদ অনুযায়ী সেই আশঙ্কা অমূলক প্রমাণিত হতে চলেছে এবং বড় পর্দাতেই মুক্তি পাবে ছবিটি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে যে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস এই ছবির জন্য একটি ওটিটি প্ল্যাটফর্মের দেওয়া প্রায় ২১৫ কোটি রুপির বিশাল প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। নির্মাতারা স্পষ্টভাবে প্রেক্ষাগৃহে মুক্তিকেই প্রাধান্য দিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
শিব রাওয়াল পরিচালিত এই ছবিতে আলিয়া ভাটের পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শর্বরী ওয়াঘকে। স্পাই ইউনিভার্সের ছবিতে দুই অভিনেত্রীকে মুখ্য ভূমিকায় রাখা নিয়ে বক্স অফিস সাফল্য নিয়ে কিছুটা সংশয় ছিল বলে গুঞ্জন ওঠে। একসময় শোনা গিয়েছিল যে যশরাজ ব্যানারের সাম্প্রতিক কিছু ছবির ব্যবসায়িক সাফল্য আশানুরূপ না হওয়ায় তারা ওটিটি মুক্তির কথা ভাবছে।
তবে এসবই ছিল অনানুষ্ঠানিক আলোচনা এবং প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ২০২৪ সালেই ছবিটির ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু ভিএফএক্সের কাজ বাকি থাকায় মুক্তির তারিখ বারবার পিছিয়েছে।
শুরুতে গত বছরের আগস্টে মুক্তির পরিকল্পনা থাকলেও তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। বর্তমানে বছরের শেষ দিকে ছবিটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে শোনা গেলেও চূড়ান্ত কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
এ এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬








