বরিশাল

আদালত ভাঙচুরের অভিযোগে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি আটক

বরিশাল, ২৫ ফেব্রুয়ারি – বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা আইনজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে আদালতের এজলাসে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে এবং ওই অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। এদিকে আদালত কক্ষে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিচারকরা বিচারিক কার্যক্রম বন্ধ রেখেছেন। বর্তমানে পুরো আদালত এলাকা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। বরিশাল জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, আদালতের কার্যক্রম শুরুর পরপরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আদালতে প্রবেশ করে।

এ সময় বিচারকরা আদালত বর্জন করেন। পরে পুলিশ আইনজীবী সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করে। এর প্রতিবাদে আইনজীবীরা মিছিল ও আদালত বর্জন কর্মসূচি পালন করছেন। ঘটনার সূত্রপাত বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়াকে কেন্দ্র করে। গত সোমবার তিনি বরিশাল অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

এর প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা মঙ্গলবার মহানগর সংশ্লিষ্ট সকল আদালত বর্জন করেন এবং বিচারকের অপসারণ দাবি করেন।

ওই দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আইনজীবীরা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে ঢুকে হট্টগোল করছেন এবং বিচার প্রার্থীদের বসার জন্য রাখা আসবাবপত্র উল্টে ফেলছেন। এই ঘটনায় নেতৃত্ব প্রদানের অভিযোগ ওঠে আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনের বিরুদ্ধে, যার প্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে।

এ এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language