দক্ষিণ আমেরিকা

২৫ বছর বয়সেই চলে গেলেন ব্রাজিলিয়ান কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা

ব্রাসিলিয়া, ২৫ ফেব্রুয়ারি – ব্রাজিলিয়ান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতা রদ্রিগেস দা সিলভা মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গত ২১ ফেব্রুয়ারি আকস্মিকভাবে তার মৃত্যু হয়। মৃত্যুর মাত্র দুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি সানগ্লাস পরা ছবি পোস্ট করেছিলেন মারিয়া, যার ফলে তার এমন হঠাৎ প্রস্থানে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মার্কিন সাময়িকী পিপল-এর প্রতিবেদন সূত্রে জানা যায়, টিকটকে মারিয়ার অনুসারীর সংখ্যা ছিল ৬৫ হাজারের বেশি এবং ইনস্টাগ্রামে ১১ হাজারের ওপরে। তিনি মূলত মেকআপ পণ্যের পর্যালোচনা, টিউটোরিয়াল এবং ফ্যাশন ও সৌন্দর্যবিষয়ক ভিডিও তৈরি করতেন। খুব অল্প সময়ের মধ্যেই সৃজনশীল কাজের মাধ্যমে তিনি নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। মারিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু লুয়ানা লিলিয়ান। ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় তিনি উল্লেখ করেন যে মারিয়া ছিলেন একজন অত্যন্ত মনোমুগ্ধকর মানুষ, যার উপস্থিতিতেই চারপাশ আলোকিত হয়ে উঠত।

অপর বন্ধু লিভিয়া জানিয়েছেন, মারিয়া রিতার মৃত্যু ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। মৃত্যুর আগের দিনও তারা স্টুডিওতে একসঙ্গে কাজ করেছেন এবং ভবিষ্যতের নানা পরিকল্পনা সাজিয়েছিলেন। দশ বছরের বন্ধুকে হারিয়ে লিভিয়া মানসিকভাবে ভেঙে পড়েছেন। মারিয়া রিতার ইনস্টাগ্রাম স্টোরির তথ্য অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি তার শেষকৃত্য এবং পরদিন ব্রাজিলের সাও বার্নাডো দো ক্যাম্পো শহরে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language