নিরাপত্তা ঝুঁকিতে উইকিপিডিয়ার কালো তালিকায় ‘আর্কাইভ ডটটুডে’

ওয়াশিংটন, ২৫ ফেব্রুয়ারি – দীর্ঘদিনের বিশ্বস্ত তথ্যসূত্র হিসেবে পরিচিত ‘আর্কাইভ ডটটুডে’ ওয়েবসাইটকে কালো তালিকাভুক্ত বা ব্লাকলিস্টে যুক্ত করেছে উইকিপিডিয়া। জনপ্রিয় এই ওয়েব আর্কাইভিং পরিষেবার সব ধরনের লিংক নিজেদের সাইট থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন অনলাইন বিশ্বকোষটির সম্পাদকেরা। উইকিপিডিয়ায় এ পর্যন্ত প্রায় ছয় লাখ ৯৫ হাজারেরও বেশি বার এই সাইটের লিংক ব্যবহার করা হয়েছে।
কিন্তু নিরাপত্তা ঝুঁকি ও তথ্য বিকৃতির গুরুতর অভিযোগ ওঠায় সাইটটি বর্জনের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযুক্তিবিষয়ক পোর্টাল টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী আর্কাইভ ডটটুডে মূলত ‘পে ওয়াল’ বা সাবস্ক্রিপশনভিত্তিক সংবাদ পড়ার জন্য জনপ্রিয় ছিল। এটি উইকিপিডিয়ার সাইটেশন বা তথ্যসূত্র হিসেবেও বেশ কার্যকর ছিল। তবে উইকিপিডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে যে সর্বসম্মতিক্রমে তারা সাইটটি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে এটিকে স্প্যাম ব্ল্যাকলিস্টে যুক্ত করা হবে। উইকিপিডিয়ার আলোচনা পাতা থেকে জানা যায় যে এর আগে ২০১৩ সালেও সাইটটিকে একবার কালো তালিকাভুক্ত করা হয়েছিল যা ২০১৬ সালে প্রত্যাহার করা হয়।
নতুন করে এই সিদ্ধান্তের কারণ হিসেবে জানানো হয়েছে যে সাইটটি ব্যবহারকারীদের অজান্তে তাদের কম্পিউটার ব্যবহার করে ডিডিওএস আক্রমণ চালাচ্ছে। এছাড়া আর্কাইভ ডটটুডের অপারেটররা সংরক্ষিত পেজের মূল তথ্য পরিবর্তন করছে বলেও প্রমাণ পাওয়া গেছে যা উইকিপিডিয়ার তথ্যের নির্ভরযোগ্যতা নষ্ট করছে। অভিযোগ রয়েছে যে সাইবার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছিলেন ব্লগার জনি পাতোকালিও।
তিনি জানান যে ১১ জানুয়ারি থেকে যারা আর্কাইভের ‘ক্যাপচা’ পেজ লোড করেছেন তারা অজান্তেই একটি জাভাস্ক্রিপ্ট কোড রান করেছেন যা তার ব্লগে অনবরত রিকোয়েস্ট পাঠাচ্ছিল। ধারণা করা হচ্ছে তার হোস্টিং বিল বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে। উইকিপিডিয়ার সম্পাদকেরা কিছু স্ক্রিনশটও পেয়েছেন যেখানে মূল তথ্য বদলে জনি পাতোকালিও’র নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় সম্পাদকদের এখন আর্কাইভ ডটটুডের পরিবর্তে ‘ওয়েব্যাক মেশিন’ বা এর মতো অন্যান্য নির্ভরযোগ্য আর্কাইভ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









