তিন যুগ পর ‘কল্কি ২’র সেটে মুখোমুখি অমিতাভ ও কমল হাসান

হায়দ্রাবাদ, ২৫ ফেব্রুয়ারি – দীর্ঘ তিন যুগেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পর অবশেষে সিনেমার শুটিং সেটে সাক্ষাৎ হলো দুই কিংবদন্তির। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং দক্ষিণী সিনেমার মেগাস্টার কমল হাসানের সম্প্রতি সাক্ষাৎ ঘটেছে ‘কল্কি ২’ সিনেমার শুটিং সেটে। হায়দ্রাবাদে বর্তমানে ‘কল্কি ২৮২৯ এডি’র সিক্যুয়াল ‘কল্কি ২’র শুটিং চলছে। সেখানেই দেখা হয়েছে দুই তারকার।
এই সাক্ষাতের দুটি ছবি অমিতাভ বচ্চন নিজের ব্লগ সাইটে পোস্ট করার পর মুহূর্তেই তা ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। ব্লগে অমিতাভ শুটিং এবং সেখানে উপস্থিত জনতার বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন। অভিনেতা কমল হাসানের সঙ্গে সাক্ষাতের অনুভূতি জানিয়ে বিগ বি লিখেছেন, অসাধারণ কমল হাসানের সঙ্গে দেখা হলো। বহু বছর পর, সেই ‘গ্রেফতার’ সিনেমার পর আবার আমরা এই বুড়ো বয়সে একসঙ্গে কাজ করব। শেয়ার করা দুটি ছবির একটিতে দুই তারকাকে হাস্যোজ্জ্বল মুখে কথা বলতে এবং অন্যটিতে একে অপরকে আলিঙ্গন করতে দেখা গেছে। নতুন সিনেমার কাজ প্রসঙ্গে অমিতাভ জানান, কল্কি ২ এর কাজ শুরু হয়েছে।
রোববারের এই দিনে উপস্থিত জনতার ভালোবাসা এবং স্নেহ সবসময়ই থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্লগ পোস্টে শেয়ার করা আরও কিছু ছবিতে অমিতাভকে ভারি প্রস্থেটিক মেইকআপে দেখা গেছে। উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রয়াগ রাজ পরিচালিত ‘গ্রেফতার’ সিনেমায় দুই তারকাকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল। নাগ অশ্বিন পরিচালিত পৌরাণিক বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ ২০২৪ সালে মুক্তি পায় এবং বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। বৈজয়ন্তী মুভিজ প্রযোজিত এই সিক্যুয়েলে অমিতাভ ও কমল হাসানের সঙ্গে প্রভাস ও দিশা পাটানি অভিনয় করছেন। তবে সময় ও পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় দীপিকা পাড়ুকোন সিক্যুয়েলে থাকছেন না বলে জানা গেছে।
এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬








