শিক্ষা

আজ দুপুরে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল আজ বুধবার দুপুরে প্রকাশ করা হচ্ছে। দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করা হবে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করার পর তা সবার জন্য উন্মুক্ত করা হবে।

এ বছর ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ডভিত্তিক আনুপাতিক হার এবং উপজেলা পর্যায়ের নির্দিষ্ট কোটা অনুযায়ী এই বৃত্তি বণ্টন করা হবে। নীতিমালা অনুসরণ করে যোগ্য শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। শিক্ষার্থীরা ফলাফল জানার জন্য দুটি সহজ পদ্ধতি অনুসরণ করতে পারবে।

প্রথমত অনলাইন পদ্ধতির মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে স্কলারশিপ রেজাল্ট অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ লিখে সার্চ দিলে ফলাফল দেখা যাবে।

দ্বিতীয়ত এসএমএস পদ্ধতির মাধ্যমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি বার্তায় ফলাফল জানা যাবে।

উল্লেখ্য যে গত বছরের ২৮ ডিসেম্বর সারা দেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়েছিল। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই পরীক্ষায় প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশ নেয়। দেশের ৬১১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার সূচি অনুযায়ী প্রথম দিকে বাংলা, ইংরেজি ও গণিত পরীক্ষা নেওয়া হলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর কারণে ৩১ ডিসেম্বরের বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে ওই স্থগিত পরীক্ষা চলতি বছরের ৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়।

এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language