তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতার প্রস্তাব, নীতিগত সিদ্ধান্তের অপেক্ষায় সরকার

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও উন্নয়ন অংশীদারত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সিটি করপোরেশনের সক্ষমতা বৃদ্ধি এবং আমিন বাজার পানি শোধনাগার সচল করার বিষয়ে চীনের প্রযুক্তিগত ও আর্থিক সহযোগিতার প্রসঙ্গ উঠে আসে।
সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তা নদীর সমস্যা সমাধানের পথ খুঁজছে। এ ক্ষেত্রে চীন নিজ উদ্যোগে তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হলে তখন বিস্তারিত জানানো হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন এবং চলমান প্রকল্পগুলোর পরিধি বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









