বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ ৯ এপ্রিল

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান যে ঘোষিত তফসিল অনুযায়ী এই দুই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ এবং আপিল দায়ের করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ ১১ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ নির্ধারণ করা হয়েছে। এরপর ১৫ মার্চ প্রতীক বরাদ্দ শেষে ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সচিব উল্লেখ করেন যে গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুতে নির্বাচন বাতিল করা হয়েছিল।
অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়ী হন। পরবর্তীতে তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় সেটি শূন্য ঘোষণা করা হয়। শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে সেখানকার নির্বাচন স্থগিত ছিল। তবে শেরপুর-৩ আসনে গণভোটের প্রয়োজন নেই বলে জানিয়েছেন ইসি সচিব।
এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









