জাতীয়

পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন আলী হোসেন ফকির

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান মো. আলী হোসেন ফকিরকে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক বা আইজিপি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

মো. আলী হোসেন ফকির বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তাঁর কর্মজীবন নানামুখী রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। ১৯৯৭ সালে তৎকালীন সরকার তাকে বরখাস্ত করেছিল। পরবর্তীতে বিএনপি ও জামায়াত জোট ক্ষমতায় আসার পর তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান। কর্মজীবনে তিনি একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন এবং পুলিশ সুপার হিসেবে একাধিক জেলায় দায়িত্ব পালন করেছেন।

২০০৮ সালে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা জোনের উপকমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেন। মিশন থেকে দেশে ফেরার পর তাঁকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়। সেখানে কর্মরত থাকাবস্থায় ২০২২ সালে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি আবারও আইনি প্রক্রিয়ায় পুলিশ সুপার পদে চাকরিতে পুনর্বহাল হন। এরপর তিনি পদোন্নতি পেয়ে সুপার নিউমারারি ডিআইজি এবং পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হন। বাগেরহাট জেলার সন্তান আলী হোসেন ফকির এখন পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে আসীন হলেন।

এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language