নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক, মিয়ানমারের মুদ্রা উদ্ধার

বান্দরবান, ২৪ ফেব্রুয়ারি – বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করতে সক্ষম হন। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আমতলী সীমান্ত দিয়ে তিনজন ব্যক্তি গোপনে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেন।
পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, সীমান্ত এলাকা থেকে বিজিবি তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেছে এবং তারা প্রাথমিকভাবে নিজেদের আরাকান আর্মির সদস্য বলে স্বীকার করেছে।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়ম অনুযায়ী আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী জানান, আটকের বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী পর্যবেক্ষণ করছে এবং আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬








