লঘুচাপের প্রভাবে দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এটি উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় বিস্তৃত রয়েছে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন আবহাওয়াজনিত পরিস্থিতিতে দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









