জাতীয়

অনলাইনে ৩৯ লাখ আয়কর রিটার্ন জমা, প্রবাসীদের জন্য নতুন ই-মেইল সুবিধা

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, চলতি করবর্ষে এখন পর্যন্ত অনলাইনে প্রায় ৩৯ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এই তথ্য নিশ্চিত করেছে। এনবিআর জানায়, ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ করার ফলে ২০২৫-২৬ করবর্ষে অনলাইনে রিটার্ন জমার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সকল ব্যক্তি করদাতাকে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে তাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের সুবিধার্থে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন এনেছে এনবিআর। প্রবাসীদের জন্য ই-রিটার্ন পোর্টালে নিবন্ধন ও পাসওয়ার্ড রিসেট প্রক্রিয়া সহজ করতে চালু করা হয়েছে ই-মেইল ভেরিফিকেশন সুবিধা।

এর ফলে মোবাইল ফোনের পরিবর্তে করদাতার নিজস্ব ই-মেইলে ওটিপি প্রেরণের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা যাবে। যেসব করদাতা পূর্বে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে ই-রিটার্ন সিস্টেমে যুক্ত হয়েছিলেন কিন্তু বর্তমানে বিদেশে থাকায় মোবাইলে ওটিপি পাচ্ছেন না, তারা এই নতুন সুবিধার আওতায় ই-মেইল ব্যবহার করে সহজেই রিটার্ন সংক্রান্ত কাজ করতে পারবেন।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language