খুলনা

খুলনার বায়তুন নূর শপিং কমপ্লেক্সে আগুন, ১০-১২টি দোকান ভস্মীভূত

খুলনা, ২৪ ফেব্রুয়ারি – খুলনা মহানগরের বায়তুন নূর শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে নগরীর নিউ মার্কেটের পাশে অবস্থিত এই শপিং সেন্টারে আগুন লাগে। এই ঘটনায় মোবাইল ফোনের দোকানসহ অন্তত ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ১১টার দিকে মার্কেটের গোধূলি নামক একটি মোবাইলের দোকান থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা সেখানকার নিরাপত্তাকর্মীকে খবর দেন। এরপর ভেতরে গিয়ে আগুনের তীব্রতা লক্ষ্য করা যায় এবং মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত সোয়া ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. আব্দুল মালেক জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। সেখানে বৈদ্যুতিক তারগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিল। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও জানান, বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করা হচ্ছে।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language