জাতীয়

আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে কঠোর নির্দেশনা জারি

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – অফিসে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। এখন থেকে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত না হলে কিংবা সময়ের আগে বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করলে কর্মকর্তা ও কর্মচারীদের শাস্তির মুখে পড়তে হবে।

সোমবার আইন ও বিচার বিভাগের বিচার শাখা ৫ এর সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এর বিধানসমূহ মেনে চলতে হবে। বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিত থাকা, অফিস ত্যাগ করা কিংবা বিলম্বে অফিসে উপস্থিত হওয়া অফিস শৃঙ্খলার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন নির্দেশনায় বলা হয়েছে, সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার পূর্বে কেউ নিজ দপ্তর ত্যাগ করতে পারবেন না।

পবিত্র রমজান মাসে বিকেল সাড়ে ৩টা এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে অফিস ত্যাগ করা যাবে না।

তবে অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে নিজ অনুবিভাগের প্রধানের অনুমতি নিয়ে অফিস ত্যাগের সুযোগ রাখা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত অফিস ত্যাগের রেজিস্ট্রারে এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা প্রদান করে অফিস ত্যাগ করতে হবে। এই নিয়ম অমান্য করলে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language